Views Bangladesh Logo

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ ফরিদা ইয়াসমিন এমপি, মানহানির মামলার হুঁশিয়ারি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে আমির হামজা কটূক্তিমূলক মন্তব্য করেছেন অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলের অনুমতি পেলে এ ঘটনায় মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজের বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।

জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত উল্লেখ করে ফরিদা ইয়াসমিন বলেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচার-আচরণের দিকে তাকিয়ে থাকেন। তার অভিযোগ, কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর মন্তব্য করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সরকারি ও বিরোধী দলের নেতাদের পারস্পরিক সম্মানের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমি একজন বয়স্ক নারী। দায়িত্ব দেওয়া হয়েছে সংরক্ষিত আসনের ৩৭ জন নারীকে। জেনেশুনে উনি কেন এ ধরনের কটূক্তি করার স্পর্ধা দেখান? আমাদের পরস্পরকে সম্মান করতে হবে।

ঘটনার বিচারভার নিজের দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছেন তিনি। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়। বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম ও আবুল কালাম আজাদসহ অন্যরা। বক্তারা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি মতবিনিময় সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা সার ডিলার নিয়োগ নিয়ে প্রশাসনের একটি সভায় নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দেওয়ার অভিযোগ তোলেন।

আমির হামজা বলেন, তিনি এক লাখ ৮৩ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু বিভিন্ন কর্মসূচিতে তাদের ‘মাইনাস’ করা হয়। প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কুষ্টিয়া প্রশাসনের একটি সভায় সরকারি দলের নেতারা ছিলেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে ওই সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন কমিটির উপদেষ্টা হলেও তাদের বাদ দিয়ে কমিটির বাইরের ব্যক্তিদের নিয়ে প্রশাসনের সভা করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে তিনি দুঃখজনক উল্লেখ করেন। সরকারি দলের বাইরে কাউকে সার ডিলারশিপ দেওয়া যাবে না—এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ