বোরহামের জার্সিতে আলো কাড়লেন বাংলাদেশি ফারহান আলী ওয়াহিদ
ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ বোরহাম উডের হয়ে প্রথম একাদশে সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। লিডস ইউনাইটেড অনূর্ধ্ব–২১ দলের বিপক্ষে ৫–২ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ১৯ বছর বয়সী এই লেফট উইঙ্গার।
সোমবার রাতে ন্যাশনাল লিগ কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে মিডো পার্কে মুখোমুখি হয় দুই দল। ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বোরহামের হয়ে নিজের প্রথম গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে তারান আল্লারাখিয়ার গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ম্যাচের ৮২তম মিনিটে নিজের ব্যক্তিগত নৈপুণ্যও দেখান ফারহান। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত এগিয়ে গিয়ে এক ডিফেন্ডারকে দুর্দান্ত কৌশলে কাটিয়ে শট নিলেও লিডস গোলরক্ষক অসাধারণ সেভ করে সম্ভাব্য দ্বিতীয় গোলটি ঠেকিয়ে দেন।
ফারহানের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বোরহাম উড তাদের ম্যাচ প্রতিবেদনে লিখেছে, ‘প্রথম একাদশে সুযোগ পেয়েই আলো কেড়ে নিয়েছেন ফারহান আলী ওয়াহিদ। বল পায়ে তার সাবলীল দৌড়, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং দ্রুত বল পুনরুদ্ধারের ক্ষমতা ছিল দারুণ উপভোগ্য।’
ফারহান চলতি মাসের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন। ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেওয়া এই উইঙ্গার অনূর্ধ্ব–১৮ দলে ১৭ ম্যাচে ৭ গোল করেন। পরে অনূর্ধ্ব–২১ দলে ২১ ম্যাচে ৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করে আলোচনায় আসেন এবং ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন।
ধারের এই চুক্তি অনুযায়ী ২০২৬–২৭ মৌসুমের পুরোটা সময় বোরহাম উডের হয়েই খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলার। এমনকি সব ঠিক থাকলে আগামী উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলেও দেখা যেতে পারে।
মতামত দিন