বিপিএলের টিকিট সংকটে মিরপুর স্টেডিয়ামের গেটে ভাঙচুর
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচের টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা মিরপুরের গেট নং ২-এ ভাঙচুর চালায়।
ঘটনার সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও বাধার মুখে পড়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই জানায়, স্টেডিয়াম এলাকায় কোনো টিকিট বুথ থাকবে না। টিকিট অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো থেকে পাওয়া যাবে। রোববার রাতে এই ঘোষণা দেয়ায় ব্যাপক বিভ্রান্তি এবং হতাশা সৃষ্টি হয়।
সোমবার সকালে অনেক দর্শক স্টেডিয়াম এলাকার বুথে ভিড় জমায়। এছাড়া মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলো থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন অনেক দর্শক।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিসিবি দিনের শেষদিকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের মূল্য এবং প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেয়।
টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ২০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে। টিকিট অনলাইনে বা মধুমতি ব্যাংকের সাতটি শাখা— মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসীমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টন ভিআইপি রোড— থেকে সংগ্রহ করা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে