Views Bangladesh Logo

প্রথমবার প্রকাশ্যে দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার নতুন একটি বিজ্ঞাপনে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন তার বেবি বাম্প। ভিডিওটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।

চলতি বছরের এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসে। এরপর থেকেই তার নতুন উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থাতেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেন তিনি। এরপর একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যামেরার সামনে হাজির হন।

ভিডিওতে দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি, হাসিমুখ ও প্রাণবন্ত অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার কর্মস্পৃহা ও সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘সুপারমম’ বলেও অভিহিত করেছেন।

জানা গেছে, গর্ভাবস্থার চার মাসে বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের পর একজন লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ আরেকজনের মন্তব্য, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেছেন।’

দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি ও তার স্বামী রণবীর সিং। পরে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিশ্চিত করেন এই তারকা দম্পতি।

ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। দুটি ‘ইভিল আই’ ইমোজি দিয়ে পোস্টটির মাধ্যমে দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত দেন দীপিকা ও রণবীর।

ঘোষণার পর বলিউডের অনেক তারকাই তাদের অভিনন্দন জানান। অভিনেত্রী ভূমি পেডনেকার শুভেচ্ছা বার্তা দেন, আর সামান্থা একাধিক হৃদয়ের ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। এখন দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় তারকা দম্পতি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ