সাকিব আল হাসানকে মাঠে দেখতে ভক্তদের মিছিল
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন তার ভক্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে পূর্বাঞ্চল বনাম মধ্যাঞ্চলের ম্যাচ চলাকালে গ্যালারিতে সাকিবের সমর্থকরা মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
সাকিবের ছবি সংবলিত পোস্টার এবং 'সাকিবকে ফেরত চাই' লেখা প্ল্যাকার্ড উঁচিয়ে ধরে নিজেদের দাবি তুলে ধরেন সমর্থকেরা।
ভক্তদের দাবি, রাজনৈতিক কারণে সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটারকে খেলার সুযোগ না দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, গত ১৭ বছর ধরে সাকিব বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। রাজনৈতিক ইস্যুর কারণে তাকে মাঠের বাইরে রাখা সম্পূর্ণ অন্যায় বলে মনে করেন তারা।
আগামী পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাকিবকে জাতীয় দলে দেখতে চান বলেও জানান ভক্তরা। উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে