Views Bangladesh Logo

ইবি শিক্ষিকা আসমা হত্যাকাণ্ড: চার সন্তান নিয়ে বিপাকে পরিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের পর তার চার সন্তানকে নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবার। তাদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিটি বিভাগের সভাপতির মাধ্যমে শিক্ষকদের এ বিষয়ে সম্মতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান চার সন্তানের লালন-পালনের জন্য আর্থিক সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের কাছে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের বিষয়ে তাদের সম্মতি নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আবেদনে ইমতিয়াজ সুলতান উল্লেখ করেন, গত ৪ মার্চ নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের শিকার হন। তার মৃত্যুর পর তিন মেয়ে ও এক ছেলেসন্তানকে নিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। প্রকল্পভিত্তিক নিয়োগে থাকায় গত পাঁচ বছর ধরে নিজের কর্মস্থল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকেও তিনি কোনো বেতন-ভাতা পাচ্ছেন না।

তিনি বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসংস্থানের সুযোগ এবং শিক্ষকদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন, যাতে সন্তানদের লালন-পালন ও পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হয়।

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, অতীতেও এক শিক্ষকের মৃত্যুর পর তার পরিবারের সহায়তায় শিক্ষকদের একদিনের বেতন দেওয়া হয়েছিল। তবে আইন অনুযায়ী কোনো শিক্ষকের সম্মতি ছাড়া বেতন কর্তন করা যায় না। তাই বিভাগীয় সভাপতিদের মাধ্যমে সবার মতামত নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের কার্যালয়ে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আরও কয়েকজনকে আসামি করা হলেও এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ