Views Bangladesh Logo

হাজীগঞ্জে একদিনেই দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার

চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকালে বড় ভাইকে দাফনের শোক কাটতে না কাটতেই রাতে মারা যান ছোট ভাই। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি। এ মর্মান্তিক ঘটনায় এলাকায়ও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রোববার (২৮ জুন) হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ বাজারের পরিচিত মাছ ব্যবসায়ী শাহিন রোববার ভোরে মারা যান। জোহরের নামাজের পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। স্বজনেরা তখনও বড় ভাইকে হারানোর শোক সামলে উঠতে পারেননি।

এরই মধ্যে রাত ১০টা ৫০ মিনিটে মারা যান শাহিনের ছোট ভাই আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে অসুস্থ আলমগীর চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার জানায়, চার ভাইয়ের মধ্যে শাহিন ছিলেন সবার বড় এবং আলমগীর ছিলেন মেঝো। তারা মা, এক বোন, দুই ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিনে দুই সহোদরকে হারানোর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, "একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের বাড়িতে সমবেদনা জানাতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ