১০-১২ সপ্তাহের মধ্যে সব উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর সিটিসহ দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে দুর্নীতিতে জড়াতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অতীতের দুর্নীতির ঘটনাগুলোও দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, কার্ড সংগ্রহের জন্য কাউকে কোথাও যেতে হবে না। প্রতিটি পরিবারের কাছে সরকার নিজ উদ্যোগে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে। তবে সুবিধাভোগী নির্বাচনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার মানদণ্ড থাকবে।
তিনি জানান, কর্মসূচি বাস্তবায়নের আগে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং কম্পিউটারভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সেবাগুলোতে এখন আর নগদ অর্থ লেনদেন হয় না। সব ধরনের ভাতা ও আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে, ফলে মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকছে না।
মতামত দিন