এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
ঈদের আগেই রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।
কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে।
এই রমজানেই কি এটি শুরু হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।
সিপিবি বলেছে যে, আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে এর নেতিবাচক প্রভাব নির্বাচনের ওপর পড়বে- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তো চালু হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে