Views Bangladesh Logo

পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তা বাস্তবায়ন করেছি। তাই আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি স্কুল মাঠে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী আরও জানান, আজ প্রথম ধাপে কড়াইল ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে কার্ড দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের পাশাপাশি ইতিমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে।

মহিলা ও শিশু ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাসহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১ হাজার ৮০৫টি তথ্য যাচাইয়ে ৪৭ হাজার ৭৭৭টি তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং (একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ), সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য চূড়ান্ত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ