সম্পত্তির হিসাবের আড়ালে বাবা-মায়ের ভালোবাসার গল্প, আসছে ‘শেষ স্বাক্ষর’
পরিবার, সম্পর্ক, সম্পত্তির হিসাব আর বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ—এই চারটি বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে আবেগঘন নাটক ‘শেষ স্বাক্ষর’। শুক্রবার (১৪ আগস্ট) নির্মাতা প্রতিষ্ঠান সিনেপ্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে নাটকটি।
নাটকটির গল্প লিখেছেন আর.সি. অরন্য এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সম্রাট চৌধুরী। পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, অর্থনৈতিক সংকট এবং উত্তরাধিকার নিয়ে সন্তানের মানসিকতার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে।
নাটকের গল্পে দেখা যাবে জাফর ও তার স্ত্রী মাসুমাকে। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানদের ভালোবাসা ও সঙ্গের প্রত্যাশা থাকলেও ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে সম্পত্তি ও অর্থের হিসাব। সন্তানদের নানা কথাবার্তা ও সিদ্ধান্তে জাফর উপলব্ধি করতে থাকেন, বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কও যেন একসময় সম্পত্তির ভাগ-বাটোয়ারার হিসাবের মধ্যে আটকে যাচ্ছে।
জাফরের কাছে গ্রামের বাড়িটি কেবল একটি সম্পত্তি নয়। সেখানে রয়েছে তার শৈশব, বাবা-মায়ের স্মৃতি এবং স্ত্রী মাসুমার সঙ্গে কাটানো জীবনের অসংখ্য আবেগঘন মুহূর্ত। তাই বাড়িটি বিক্রির সিদ্ধান্ত তার জন্য হয়ে ওঠে অত্যন্ত কঠিন। অন্যদিকে, পরিবারের প্রয়োজন ও সম্পত্তি বিক্রির বিষয়টি ঘিরে সন্তানদের মধ্যে তৈরি হয় নানা মতবিরোধ।
‘শেষ স্বাক্ষর’-এর গল্প মূলত একটি প্রশ্ন সামনে আনে—বাবা-মায়ের ভালোবাসার কি কখনো সম্পত্তির মতো ভাগ করা যায়?
নির্মাতাদের প্রত্যাশা, পারিবারিক আবেগ ও সামাজিক বাস্তবতার মিশেলে তৈরি নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। একই সঙ্গে বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এবং দায়িত্ববোধ নিয়ে দর্শকদের নতুন করে ভাবাবে।
‘শেষ সাক্ষর’-এ অভিনয় করেছেন সায়েম সামাদ, শেখ স্বপ্না, হোসাইন নিরব, নাসরিন অনু, সেলজুক ত্বারিক, খান রশনিসহ আরও অনেকে।
নাটকটি প্রযোজনা করেছে সিনেপ্লাস স্টুডিও। আগামী ১৩ আগস্ট, দুপুর ৩টায় সিনেপ্লাস স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। ইউটিউব: https://www.youtube.com/@cineplusbd
মতামত দিন