Views Bangladesh Logo

সিলেট দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে সহায়তা হিসেবে ৫ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারী আহতরা পাবেন ৩ লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খরচ বাবদ ১ লাখ টাকা করে প্রদান করা হবে।

শনিবার (৮ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই সহায়তার কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্ঘটনাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে হাসপাতাল পরিচালকের হাতে সহায়তার আবেদন ফরম হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন পুরো বিষয়টি তদারকি করবে।

মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালনার ওপর নজরদারি বাড়ানোর জন্য হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, সকালে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে চালকদের মধ্যে একধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। এটি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্লাইওভারে যেভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

সিলেট-শেরপুর অংশকে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে বেপরোয়া চালকদের আইনের আওতায় আনার তাগিদ দেন তিনি।

ফোর-লেন উন্নতকরণ প্রকল্প প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষপর্যায়ে। বৃষ্টিসহ অন্যান্য কারণে কাজে কিছুটা বিলম্ব হলেও সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় তাঁর সঙ্গে হাসপাতাল পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ