মৃত ৬ নবজাতকের পরিবারকে আজীবন ফ্রি চিকিৎসাসহ একাধিক সুবিধা দেওয়ার প্রস্তাব আদদ্বীনের
রাজধানীর আদদ্বীন হাসপাতালে অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা, চাকরি এবং মেডিক্যাল শিক্ষার বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের লিগ্যাল টিমের সদস্য আইনজীবী শিশির মনির এসব প্রস্তাবের কথা জানান এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
শিশির মনির জানান, এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বরতদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও একটি তদন্ত প্রতিবেদন হাসপাতালের কাছে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের জন্য ঘোষিত সুবিধার বিষয়ে তিনি বলেন, প্রথমত, মৃত নবজাতকদের মা-বাবা এবং ভাই-বোনেরা আজীবন আদদ্বীন হাসপাতালে ওষুধ ব্যতীত সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। দ্বিতীয়ত, পরিবারের কোনো উপযুক্ত সদস্য চাইলে হাসপাতালের মেডিক্যাল কলেজে বিশেষ বৃত্তিতে পড়াশোনার সুযোগ পাবেন। তৃতীয়ত, পরিবারের কেউ যোগ্য বিবেচিত হলে হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন।
আইনজীবী শিশির মনির জানান, দুটো তদন্ত প্রতিবেদন ও ভুক্তভোগী পরিবারের দেওয়া তথ্য বিশ্লেষণে এটিকে 'অনিচ্ছাকৃত অবহেলার ফল' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভুক্তোভোগী পরিবার এবং আদদ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ উভয়পক্ষ মনে করে, এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বন্ধ না হয়। এ বিষয়ে সবাই একমত। তবে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপও নেওয়া আবশ্যক বলে পরিবারগুলো মনে করে।
লাইসেন্স বাতিলের নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আগামীকাল বিকেল ৫টার মধ্যে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে — কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না। এটি যেহেতু একটি লিগ্যাল প্রসেস হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি তা মোকাবিলা করবে।
আন্তর্জাতিক নজির উল্লেখ করে শিশির মনির বলেন, ২০২৪ সালের ১৬ নভেম্বর ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলায় এবং ২০২৫ সালের ৬ অক্টোবর রাজস্থানের জয়পুরে হাসপাতালের আইসিইউতে একই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল।
হাসপাতালের সেবার মান তুলে ধরে তিনি বলেন, আদদ্বীন হাসপাতাল অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ৫০ থেকে ৭০ শতাংশ কম খরচে চিকিৎসা সেবা দিয়ে থাকে। আজ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে আইনজীবী শিশির মনির বলেন, ‘আমরা কেউই জীবন ফিরিয়ে দিতে পারব না। কিন্তু মানুষের পক্ষে যা যা করণীয় সম্ভব, তা সবকিছু করার জন্য আমরা প্রস্তুত।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে