Views Bangladesh Logo

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবারকে এককালীন বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ঘটনার প্রেক্ষাপটে সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি (ভার্চুয়ালি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমন্বয় সভায় মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি মরদেহ দ্রুত শনাক্তকরণ, সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত শনাক্তকরণের ব্যবস্থা নেবে রিয়াদে বাংলাদেশ দূতাবাস । শনাক্তকরণ প্রক্রিয়া শেষে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা ও নির্দেশনা মেনে সরকারি ব্যবস্থাপনায় এবং সম্পূর্ণ খরচে মরদেহ দেশে এনে সৎকার করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় নিহত ১৬ জনের পরিবারের প্রত্যেককে এককালীন বিশেষ মানবিক অনুদান প্রদান করা হবে।

ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহত কর্মীদের স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

উল্লেখ্য, গত রবিবার (৯ আগস্ট) সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ