বিজ্ঞান-প্রযুক্তি ও টেলিযোগাযোগ-তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ফকির মাহবুব আনাম
ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সরকারের ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন।
নতুন সরকারের দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ফকির মাহবুব আনাম। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি মোট ১ লাখ ৩৭ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট।
ফকির মাহবুব আনাম স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ নেতা এবং টাঙ্গাইল জেলার তৃণমূল রাজনীতির এক শক্তিশালী স্তম্ভ। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য। টাঙ্গাইল জেলা বিএনপির একজন দীর্ঘকালীন সংগঠক হিসেবে তিনি পরিচিত।
ফকির মাহবুব আনাম স্বপন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন।
পিতা আলহাজ্ব আফাজ উদ্দিন ফকির। তিনি টাঙ্গাইল জেলার নিকরাইল ইউনিয়নের একজন অত্যন্ত বিশিষ্ট এবং সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন।
আফাজ উদ্দিন পাকিস্তান আমলে ১৯৬৫ এবং ১৯৬৬ সালে দুইবার পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
টাঙ্গাইলে এই পরিবারের বিশেষ সামাজিক অবদান রয়েছে। তাদের পরিবারের অবদানের স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইলে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যা এলাকায় নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে