আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা রাখার তাগিদ ফখরুলের
বাংলাদেশ ও বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের সাইবার জগতে জোরালো ভূমিকা রাখার তাগিদ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু স্লোগান দেওয়ার রাজনীতি নয়, এখন তথ্যপ্রযুক্তির মাধ্যমে মিথ্যা ও অপতথ্যের বিরুদ্ধে সাইবার জগতে যুদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) লন্ডনের সারে এলাকার গিলফোর্ড হারবার হোটেলে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ৫ আগস্টের পর ভারত থেকে প্রচার করা হলো যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে। মুহূর্তে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। কিন্তু এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যথাযথ প্রতিরোধ করতে পারেননি বলে আমি মনে করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। তার মানে, আমরা এখানে ব্যর্থ হয়েছি। আমরা সঠিক চিত্রটা তাদের কাছে পৌঁছাতে পারিনি। এই জায়গাটায় আমাদের সজাগ ও সতর্ক হতে হবে।’
এ সময় যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠন করার পরামর্শ দেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তিতে পারদর্শী অনেকে আছেন, যারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চান। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে। রাষ্ট্রব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফা একটা ম্যাগনাকার্টা। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’
মতবিনিময় সভায় অংশ নেন যুক্তরাজ্যের প্রতিটি শহর থেকে আসা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে