জাতিকে বিভক্ত না করতে সবার প্রতি আহ্বান ফখরুলের
জাতিকে বিভক্ত না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তবে তিনি বলেছেন, দেশ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখন সবচেয়ে প্রয়োজন ঐক্য।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ আহ্বান জানান।
উন্মোচন হওয়া বইটির নাম ‘রাজবন্দির জবানবন্দি’। যেটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় আদালতে দেয়া বক্তব্যের সংকলন।
এসময় ফখরুল বলেন, ‘সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে এই সংস্কারের চালিকাশক্তি হতে হবে একটি নির্বাচিত সংসদ ও সরকার। এর বাইরে থেকে আমরা কখনোই সংস্কারকে বৈধতা দিতে পারব না। আমি এ বিষয়ে এখন বিতর্কে যেতে চাই না।’
তিনি সবাইকে এ বিষয়ে অতিরিক্ত বিতর্ক থেকে বিরত থাকার আহ্বান জানান।
‘আমি দেশের সমস্ত প্রগতিশীল ও স্বাধীনতাপ্রিয় মানুষের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। বিভক্ত হবেন না। তবে আমার মনে হচ্ছে, কিছু মানুষ দেশ ও জাতিকে বিভক্ত করতে মরিয়া হয়ে উঠেছে,’ বলেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘কিছু মানুষ উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা জাতিকে বিভক্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে।’
তিনি রাজনীতিবিদদের এ বিষয়ে সতর্ক থাকতে এবং দেশকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে