সোমবার দেশে ফিরছেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার পর সোমবার (১৪ এপ্রিল) দেশে ফিরছেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ইউএনবিকে মির্জা ফখরুল বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা ১৪ এপ্রিল বিকেলে দেশে ফিরব।’
তিনি জানান, তাদের সব স্বাস্থ্য পরীক্ষার ফল ভালো এসেছে। বলেন, ‘আমার স্ত্রী ভালো আছেন, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।’
উল্লেখ্য, রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ এপ্রিল মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর যান।
এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে তার স্ত্রীর অসুস্থতা ও ২০২২ সালে ফখরুলের কারাবন্দি থাকার সময় তার অস্ত্রোপচারের একটি আবেগঘন বার্তা আবারও ভাইরাল হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিইনি।’
ভাইরাল হওয়া বার্তাটি মির্জা ফখরুলের নামে একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। তবে তিনি জানিয়েছেন, তিনি নিজে ওই অ্যাকাউন্ট পরিচালনা করেন না।
ফখরুল দেশে ফেরার দুই দিন পর, আগামী ১৬ এপ্রিল বিএনপির একটি প্রতিনিধি দল তার নেতৃত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট ও নির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরার আহ্বান জানানো হবে এবং নির্বাচন ও প্রস্তাবিত সংস্কার ঘিরে বিদ্যমান বিভ্রান্তি দূর করার বিষয়ে আলোচনা হবে।
বৈঠকটি দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথিশালা যমুনা’য় অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে