তারেক রহমানের নেতৃত্বে দ্রুত নির্বাচন চাই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বেই দ্রুত সুন্দর নির্বাচন চাই।
অনতিবিলম্বে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সব ‘মিথ্যা ও গায়েবি মামলা’ শেষ এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণকে তাদের ভোটের অধিকার ফেরত দিতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা সরকারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয় নি। ভারত থেকেই দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছেন তারা। দেশকে রসাতলে নিয়ে গিয়েছিল এই স্বৈরাচার সরকার।
জনগণকে ভয় দেখিয়ে নয়, তাদের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে নিজেদের কাছে টানতে এবং তারেক জিয়ার ৩১ দফা পাড়া-মহল্লায় জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাঁসিবাদের নানা চক্রান্ত মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করে ঢাকা জেলা বিএনপি।
ড. ইউনুস সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমরা একজন যোগ্য ব্যক্তিকে দেশের ক্ষমতায় বসিয়েছি। তিনি একজন নোবেল জয়ী’।
‘যে ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছেন, তারা হাসিনার আমলে ভোট দিতে পারেননি। কিছু কিছু দল চায় আগে স্থানীয় নির্বাচন। কিন্তু স্থানীয় নির্বাচন দিয়ে দেশে যেন নৈরাজ্য সৃষ্টি না করা হয়। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করি, দেশকে আর নৈরাজ্যের দিকে ফেলে দেবেন না। আমরা ১৫ টি বছর আন্দোলন করেছি। বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে কাজ হবে না। আমরা নাকি সংস্কার চাই না। আরে সংস্কার তো আমরাই দেখিয়েছি’-বলেন তিনি।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আসফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহম্মেদ, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদসহ পাঁচটি উপজেলা ও স্থানীয় নেতারা৷

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে