হেফাজতে যুবদল নেতা তৌহিদুলের মৃত্যুর বিচার দাবি মির্জা ফখরুলের
যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে ‘যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার দাবি করছি’ বার্তাসহ ফটোকার্ড শেয়ার করেছেন তিনি।
কুমিল্লার কোতোয়ালি থানার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তৌহিদুলের (৪২) শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তাকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
বড় ভাই আবুল কালাম আজাদ জানিয়েছেন, যুবদলের ইউনিয়ন পর্যায়ের ওই নেতাকে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা সদর উপজেলার ইতাল্লা গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যান যৌথবাহিনীর সদস্য পরিচয় দেয়া চারজন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার পেটে, তলপেটে, উরুর পেছনে, দুই হাত এবং বাম পায়ের বুড়ো আঙুলে ভোঁতা আঘাতের সাথে সামঞ্জস্যপূর্ণ গাঢ় ও ফোলা চিহ্ন রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে