Views Bangladesh Logo

জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে: র‍্যাব ডিজি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল ভোট ও ব্যালট ছিনতাইয়ের মতো অপরাধে জড়িতদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

বুধবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে ঝুঁকি থাকলে তা তাদের জন্যই থাকবে, যারা নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে। জাল ভোট দেওয়া, ব্যালট বাক্স ছিনতাই কিংবা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

র‍্যাব ডিজি জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে তফসিল ঘোষণার আগ থেকেই র‍্যাব মাঠে কাজ করছে। দেশের ৬৪ জেলা ও ৮টি মেট্রোপলিটন এলাকায় র‍্যাবের টিম মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যুক্তিসংগত কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো বহিরাগত ব্যক্তি ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করতে পারবেন না। সন্দেহজনক উপস্থিতি বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ ও সাধারণ—উভয় ধরনের কেন্দ্রেই ফোর্স মোতায়েন করা হয়েছে। র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং প্রযুক্তিগত সক্ষমতাও আগের তুলনায় বেশি বলে জানান তিনি।

জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলেও জানান র‍্যাব মহাপরিচালক। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ