Views Bangladesh Logo

পারমাণবিক শক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড শনাক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

পারমাণবিক শক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি নিউজ ফটোকার্ডকে ভুয়া হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই কার্ডটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ও বেসরকারি টেলিভিশন আরটিভির লোগো ব্যবহার করে একটি বানোয়াট বক্তব্য প্রচার করা হয়েছে, যা ভুয়া ও বিভ্রান্তিকর।

ফ্যাক্টওয়াচের প্রতিবেদন অনুযায়ী, ওই ফটোকার্ডটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ‘পারমাণবিক শক্তির প্রথম সূত্র আবিষ্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’ তবে অনুসন্ধানে দেখা গেছে, গত ২৮ এপ্রিল আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি মূল ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে এই বানোয়াট কার্ডটি তৈরি করা হয়েছে।

আসল ফটোকার্ডটিতে আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তুলে ধরা হয়েছিল। ফ্যাক্টওয়াচ নিশ্চিত করেছে যে, ওই অনুষ্ঠানে বা অন্য কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তি কিংবা জিয়াউর রহমানকে নিয়ে এ ধরনের কোনো মন্তব্য করেননি। এছাড়া আরটিভির মূল গ্রাফিক্সের সঙ্গে ছড়িয়ে পড়া ভুয়া কার্ডটির ফন্ট এবং ডিজাইনেও স্পষ্ট অসঙ্গতি পাওয়া গেছে।

আরটিভি’র অফিশিয়াল প্ল্যাটফর্ম কিংবা মূলধারার অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। ফ্যাক্টওয়াচ বলছে, সাম্প্রতিক সময়ে মূলধারার গণমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে এ ধরনের বানোয়াট নিউজ ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার রোধে যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার জন্য ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ