চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে— এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার এক জরুরি গণবিজ্ঞপ্তিতে কমিটি জানায়, তাদের নাম ব্যবহার করে ছড়ানো ওই বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কোনো সম্পর্ক নেই। এ ধরনের কোনো সিদ্ধান্তও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়নি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই তথ্য সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা। তাই পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা-সংক্রান্ত সময়সূচি, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা নতুন কোনো নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। একই সঙ্গে জনস্বার্থে ভুয়া তথ্য ও গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।
মতামত দিন