আবহাওয়া অধিদপ্তরের নামে তাপমাত্রা বৃদ্ধির ভুয়া সতর্কবার্তা
আবহাওয়া অধিদপ্তরের নামে তাপমাত্রা বৃদ্ধির ভুয়া সতর্কবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
সংস্থাটি জানায়, তাপমাত্রা ৫৫ ডিগ্রিতে উঠবে দাবিতে ভুয়া সতর্কবার্তা ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, সম্প্রতি ফেসবুকে আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরাত দিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নিচে) বাইরে বের হবেন না। কারণ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ৪৫ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।’
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, আবহাওয়া অধিদপ্তর বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রতিষ্ঠান দুটিকে সূত্র উল্লেখ করে ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফেসবুক পেজে শনিবার দুপুরে দেওয়া একটি পোস্ট পাওয়া যায়। এতে সংস্থাটি জরুরি বিজ্ঞপ্তি হিসেবে জানায়, ‘২৯ এপ্রিল হতে ১২ মে ২০২৬ এবং ২৫ মে হতে ০৪ জুন ২০২৬ পর্যন্ত গরমে তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রচার করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হল।’
তাছাড়া গণমাধ্যম আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদের বক্তব্য নিয়েছে ফ্যাক্টওয়াচ।
অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া বার্তাটি ‘ভুয়া, মিথ্যা ও ক্ষতিকর’। বাংলাদেশে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো রেকর্ড নেই এবং বাস্তব পরিস্থিতিতে এমন তাপমাত্রা হওয়ার সম্ভাবনাও নেই।
অন্যদিকে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম গণমাধ্যমকে জানান, এ ধরনের তথ্য ছড়ানো খুবই ক্ষতিকর। যে সময়ে ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রার কথা বলা হচ্ছে, সেই সময়ে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত প্রচারিত তথ্যগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সরকার গঠনের পর এসব অপতথ্য বিশেষ করে বিএনপিকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে