তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক করল মন্ত্রণালয়
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে পরিচালিত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে কেবল একটি ভেরিফায়েড (ব্লু ব্যাজ) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে তার নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে মন্ত্রীর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
মন্ত্রণালয় জানায়, সম্প্রতি মন্ত্রীর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে তার নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে প্রচারিত কোনো তথ্য বা কনটেন্ট আমলে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মতামত দিন