দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে–৫৮৩ যোগে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ ত্যাগের সময় ফয়েজ তার নেদারল্যান্ডসের পাসপোর্ট NMF001DH5 ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র।
জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের প্রক্রিয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন। এর পর মন্ত্রণালয়টি শূন্য হলে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ফয়েজ আহমদ তৈয়্যব নিয়োগ পান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রযুক্তিখাত সংস্কারে কাজ করার লক্ষ্যে নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে দেশে আনে অন্তর্বর্তী সরকার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার (১২ ফেব্রুয়ারি) পর থেকেই ইউনূস সরকারের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল।
বিমানবন্দরে যাত্রী চলাচল–সংক্রান্ত একটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন; সেখান থেকে তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস। দেশত্যাগের সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেন। তার বিরুদ্ধে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকায় বিমানবন্দরে বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে