ডিজিটাল অ্যালবাম ‘এ শহরের গান’ নিয়ে ফিরছেন ফাহমিদা নবী
সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ফাহমিদা নবী ছয়টি নতুন মৌলিক গান নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন তাঁর নতুন ডিজিটাল অ্যালবাম ‘এ শহরের গান’। অ্যালবামটি ইউটিউবের পাশাপাশি ডিজিটাল সিডি আকারেও প্রকাশ করা হবে। একই সঙ্গে গানগুলো ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন শিল্পী।
অ্যালবামের ছয়টি গানের কথা লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন এবং বাকি তিনটির সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, ৫ আগস্টের মধ্যেই সব গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। ভিডিওগুলো যৌথভাবে পরিচালনা করেছেন তিনি নিজে ও আশিক।
ডিজিটাল যুগে সিডি প্রকাশের সিদ্ধান্ত সম্পর্কে ফাহমিদা নবী বলেন, এখন নতুন গান মূলত ইউটিউবেই প্রকাশিত হলেও ক্যাসেট ও সিডির সময়ের যে উচ্ছ্বাস ও অপেক্ষা ছিল, সেটি তিনি এখনও অনুভব করেন। সেই স্মৃতিকে ধরে রাখতেই ইউটিউবের পাশাপাশি ডিজিটাল সিডিতেও অ্যালবামটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন, যাতে আগ্রহীরা নিজেদের সংগ্রহে গানগুলো রাখতে পারেন।
গানগুলোর কথা ও সুরের প্রশংসা করে তিনি বলেন, প্রতিটি গানের কথা ও সুর অত্যন্ত হৃদয়ছোঁয়া হয়েছে। তাঁর বিশ্বাস, অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। এ জন্য তিনি গীতিকার, সুরকার এবং নেপথ্যে কাজ করা সব সহযোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অ্যালবামের তিনটি গানের সুরকার শামস সুমন বলেন, ফাহমিদা নবীর মতো একজন শিল্পী তাঁর সুর করা তিনটি গান নির্বাচন করবেন, তা তিনি কল্পনাও করেননি। এটি তাঁর জন্য বড় অর্জন। তিনি শুধু নিজের সুর করা গান নয়, পুরো অ্যালবাম নিয়েই আশাবাদী।
মতামত দিন