আবারও জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলেন ফাহমিদুল
ফাহমিদুল ইসলাম আবারও ডাক পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে সৌদি আরবে হওয়া ক্যাম্পে প্রথমবারের মতো যুক্ত হয়েছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার। তবে সে সময় ক্যাম্প শেষ না হতেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল, যা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আন্দোলনও হয়, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতিকেও সমালোচনার মুখে পড়তে হয়।
এবার অনেক আলোচনা-সমালোচনার পর ফের জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ওলবিয়া কালসিও ক্লাবে খেলা ফাহমিদুল। গত শুক্রবার বাফুফে তার ক্লাবকে চিঠি পাঠালে ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি তাকে জাতীয় দলের জন্য ছুটি দেয়।
জানা গেছে, বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে এক বৈঠকে বসেছিল। সেই সভায় কমিটির সদস্যরা জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবররাকে অনুরোধ জানান ফাহমিদুলকে ঢাকায় মাঠে খেলে দেখার জন্য। যদিও কোচ শুরুতে তাকে দলে না রাখার যুক্তি দেন, শেষ পর্যন্ত তিনি মত বদলে ক্যাম্পে ডাকেন ফাহমিদুলকে।
বাংলাদেশ আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে। তার আগে ৪ জুন একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩১ মে, আর শুরু থেকেই ক্যাম্পে ফাহমিদুলকে পাওয়ার পরিকল্পনা বাফুফের। ফেডারেশনের কর্মকর্তারাও এবার নিজ চোখে তার পারফরম্যান্স দেখার জন্য আগ্রহী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে