‘আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা’: প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানালেন এফবিসিসিআই প্রশাসক
কল-কারখানাগুলোতে ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। মঙ্গলবার রাত থেকেই সংকটের সমাধান শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফজলুল হক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরে যেতে পারবেন তারা।
ফজলুল হক বলেন, এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।
তবে ‘আগের অবস্থায়’ ফিরে যাওয়ার মাধ্যমে ঠিক কী বোঝানো হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগস্ট মাসে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে।
এর আগে সংকট কাটিয়ে দেশে গ্যাসের সরবরাহ ‘কয়েক দিনের মধ্যে’ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছিলেন, সরকারের উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে আমদানির ব্যবস্থার ফলে কয়েক দিনের মধ্যে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে।
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। এতে বিভিন্ন কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
গ্যাসের সংকটে বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁয় রান্নাবান্নায়ও ভোগান্তি বেড়েছে। বিকল্প জ্বালানি ব্যবহার করতে গিয়ে বাড়ছে খরচ। অনেক হোটেল-রেস্তোরাঁয় পর্যাপ্ত গ্যাস না থাকায় রান্না ব্যাহত হচ্ছে।
এ ছাড়া গ্যাস সরবরাহ সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনেও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
সংকট কাটিয়ে উঠতে সরকার কাজ করছে জানিয়ে আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সমাধান আসবে বলে এর আগে আশ্বাস দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মতামত দিন