Views Bangladesh Logo

নজিরবিহীন মামলার মুখে ফেসবুক, ইউটিউব ও টিকটক

 VB  Desk

ভিবি ডেস্ক

শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে মানসিক ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক মামলার মুখে পড়েছে ফেসবুক, ইউটিউব ও টিকটক। এসব প্ল্যাটফর্মের মূল প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্সের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আদালতে মামলাটি চলছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকেই মামলার জুরি নির্বাচন শুরু হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত একটি ‘মাইলফলক’ মামলা।

মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে এমন ডিজাইন ও অ্যালগরিদম ব্যবহার করেছে, যা শিশু ও কিশোরদের দীর্ঘ সময় স্ক্রিনে আটকে রাখে। এর ফলে অনেক ব্যবহারকারী অবসাদ, মানসিক রোগ, খাদ্যাভ্যাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন; এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে দাবি বাদীপক্ষের।

মামলার বাদী ১৯ বছর বয়সী এক মার্কিন তরুণী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে মানসিক ক্ষতির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। গোপনীয়তার কারণে তার পরিচয় শুধু ‘কে জি এম’ নামে প্রকাশ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এই মামলায় কনটেন্ট নয়—প্ল্যাটফর্মগুলোর ডিজাইন ও অ্যালগরিদমকেই মূল অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের মতে, এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা বিশেষ করে শিশুরা সহজে আসক্ত হয়ে পড়ে।

স্যোশাল মিডিয়া ভিক্টিমস ল সেন্টারের প্রতিষ্ঠাতা ম্যাথু বার্গম্যান বলেন, এই রায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে দায়ের হওয়া হাজারো মামলার দিকনির্দেশনা দেবে।

এদিকে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্টের ২৩০ ধারা দেখিয়ে দায়মুক্তির দাবি করলেও মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বড় প্রভাব ফেলতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ