মোবাইল নেটওয়ার্কে আবারও বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম,টেলিগ্রাম
মোবাইল নেটওয়ার্কে আবারও বন্ধ করে দেয়া হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। বন্ধ করে দেয়া হয়েছে টেলিগ্রাম অ্যাপও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (২ অগাষ্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুকসহ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই সপ্তাহ গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।
এদিকে আজ (শুক্রবার) দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল (বৃহস্পতিবার) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্রজনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে তারা মসজিদের ইমাম ও খতিব এবং মাদরাসার শিক্ষকদের 'ছাত্র জনতার গণমিছিল' বের করার আহ্বান জানিয়েছেন তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে