Views Bangladesh Logo

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন এআই অ্যাপ আনল ফেসবুক

 VB  Desk

ভিবি ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটরদের কাজ আরও সহজ করতে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ নামে নতুন অ্যাপ চালু করেছে ফেসবুক। অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি দর্শক বাড়ানোর কৌশল সম্পর্কেও পরামর্শ পাবেন।

ফেসবুক জানিয়েছে, কয়েক সপ্তাহ পরীক্ষামূলকভাবে চালানোর পর বুধবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অ্যাপটির অন্যতম প্রধান সুবিধা হলো ‘এআই ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট’। এটি নির্মাতার কনটেন্টের ধরন, দর্শকদের আগ্রহ এবং আগের পোস্টের ফলাফল বিশ্লেষণ করে ব্যক্তিভেদে বিভিন্ন পরামর্শ দেবে।

কনটেন্টের পারফরম্যান্স জানতে নির্মাতাদের আর আলাদাভাবে বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে না। অ্যাপ থেকেই জানা যাবে, দিনের কোন সময়ে পোস্ট করলে বেশি দর্শক পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন পোস্ট ভালো করছে এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন। এআই সহকারীকে সরাসরি প্রশ্ন করেও এসব তথ্য জানা যাবে।

মন্তব্য ব্যবস্থাপনাতেও এআই ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আলাদা করে চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সম্ভাব্য উত্তরও তৈরি করে দেবে অ্যাপটি। নির্মাতারা চাইলে প্রকাশের আগে এসব উত্তর নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

প্রতিদিন অ্যাপ চালু করলে নির্মাতাদের সামনে একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা থাকবে। সেখানে সাম্প্রতিক পোস্টের পারফরম্যান্স, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি এবং যেসব মন্তব্যের জবাব দেওয়া প্রয়োজন, সেগুলো একসঙ্গে দেখা যাবে।

টিকটক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কনটেন্ট তৈরি ও বিশ্লেষণের জন্য বাইরের এআই টুলের ওপর নির্মাতাদের নির্ভরতাও কমাতে পারে নতুন অ্যাপটি।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী নির্মাতাদের জন্য ‘ক্রিয়েটর স্টুডিও’ উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য দেশেও অ্যাপটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ