ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষায় নতুন ফিচার ‘ভেরিফিকেশন সেলফি’, যেভাবে চালু করবেন
ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত ছবি, ভিডিও, বার্তা ও নানা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণেরও জায়গা। ফলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি ব্যবহারকারীদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শক্তিশালী পাসওয়ার্ড কিংবা দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু থাকার পরও প্রতারণামূলক লিংক, ভুয়া বার্তা বা ফিশিংয়ের মাধ্যমে অনেকেই হ্যাকিংয়ের শিকার হন। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় ফেসবুকে রয়েছে ‘ভেরিফিকেশন সেলফি’ নামে একটি অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে সেলফি নেওয়া হয়। সন্দেহজনক কোনো কার্যক্রম দেখা দিলে অ্যাকাউন্টের প্রকৃত মালিককে শনাক্ত করার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। অর্থাৎ পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের আরেকটি স্তর যুক্ত হয়। তবে এটি কোনোভাবেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিরুদ্ধে শতভাগ নিশ্চয়তা দেয় না।
‘ভেরিফিকেশন সেলফি’ চালু করতে প্রথমে ফেসবুক অ্যাপ খুলে ওপরের ডান দিকে থাকা তিন দাগের মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করে ‘সেটিংস’-এ প্রবেশ করতে হবে। এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে গিয়ে ‘ভেরিফিকেশন সেলফি’ নির্বাচন করতে হবে। সেখানে যে ফেসবুক অ্যাকাউন্টে ফিচারটি চালু করতে চান, সেটি বেছে নিতে হবে।
এরপর ‘নেক্সট’ চাপলে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ই-মেইল ঠিকানায় একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। নির্দিষ্ট ঘরে সেই কোড দেওয়ার পর আবার ‘নেক্সট’ নির্বাচন করতে হবে। এরপর ‘স্টার্ট সেলফি’ অপশনে গিয়ে মোবাইলের ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী মুখের ছবি বা সেলফি যাচাই সম্পন্ন করতে হবে। যাচাইয়ের সময় মাথা ঘোরানো বা নির্দিষ্ট দিকে তাকানোর মতো নির্দেশনাও আসতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভেরিফিকেশন সেলফি চালু করলেই অ্যাকাউন্ট পুরোপুরি ঝুঁকিমুক্ত হয়ে যাবে, এমন ধারণা ঠিক নয়। নিরাপত্তা বাড়াতে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা এবং অপরিচিত কোনো লিংক বা বার্তায় সাড়া না দেওয়াও জরুরি। একই সঙ্গে নিয়মিত অ্যাকাউন্টের লগইন কার্যক্রম পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট ই-মেইল ও মোবাইল নম্বর সচল রাখা উচিত।
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সাইবার অপরাধীদের কৌশলও বদলাচ্ছে। তাই শুধু পাসওয়ার্ডের ওপর নির্ভর না করে একাধিক নিরাপত্তা স্তর ব্যবহার করাই এখন বেশি কার্যকর। ফেসবুক ব্যবহারকারীরা চাইলে অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংসে গিয়ে ‘ভেরিফিকেশন সেলফি’ অপশনটি পরীক্ষা করে দেখতে পারেন। ব্যক্তিগত তথ্য, ছবি ও গুরুত্বপূর্ণ বার্তা সুরক্ষিত রাখতে সচেতনতার পাশাপাশি এসব নিরাপত্তা ব্যবস্থার সঠিক ব্যবহারও জরুরি।
মতামত দিন