Views Bangladesh Logo

পিটার হাসকে ‘হুমকি’ দেওয়া সেই মুজিবুলের দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে ‘হুমকি’ দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রেজাউল করিম জানান, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দণ্ডনীয় অপরাধ। এই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড ও একই পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ জানান, মামলার পর থেকে মুজিবুল হক পলাতক রয়েছেন এবং আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, মুজিবুল হক ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত সৌদি আরবে প্রবাসে থাকলেও দেশে অর্থ পাঠানোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তদন্ত শেষে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং ২০২৫ সালের ৩ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেওয়া হয়।

মুজিবুল হক চৌধুরী চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২০২৩ সালের ৬ নভেম্বর বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত এক জনসভায় তিনি পিটার হাসকে ‘হুমকি’ দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এটিকে ‘সহিংস’ বলে উল্লেখ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ