৫ বছর আগে আত্মসমর্পণকারী চরমপন্থীকে গুলি করে হত্যা
পাবনায় পাঁচ বছর আগে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক চরমপন্থী গুলিতে নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক (৫৫) ওই ইউনিয়নের হরিনয়নপুর গ্রামের মৃত আজমল হোসেন আজলের ছেলে।
রোববার (১৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে জেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজারে এ ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার ওসি মো. রওশন আলী নিশ্চিত করেছেন।
ওসি রওশন আলী জানান, ২০১৯ সালের এপ্রিলে কয়েকটি জেলার ৫ শতাধিক চরমপন্থী পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাদের মধ্যে রাজ্জাকও ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, চরমপন্থা ছেড়ে রাজ্জাক গরু ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। এলাকার কারো সঙ্গে তার তেমন কোনো বিরোধ ছিল না।
ঘটনাস্থলে থাকা কয়েকজনের বরাত দিয়ে তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে গয়েশপুরের মানিকনগর বাজারে একটি চায়ের দোকানে বসেছিলেন রাজ্জাক। তখন একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি পেছন থেকে এসে তাকে গুলি করে চলে যান। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি রওশন আলী আরও জানান, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে