শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত।
শুক্রবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আবারও ভারতকে অনুরোধ করেছে কি না এবং এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছিলাম, সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক বাংলাদেশের করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধের বিষয়েও প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে নির্বাচনের আগে এক রাজনীতিককে হত্যার অভিযোগে অভিযুক্ত একজনকে ফেরত চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে জয়সোয়াল বলেন, নির্দিষ্ট ওই মামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় জানান, প্রত্যর্পণ-সংক্রান্ত সব অনুরোধই সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে বিবেচনা করা হয়।
মতামত দিন