আগের তুলনায় চাঁদাবাজি-হত্যা কমেছে: সেনা সদর দপ্তর
সেনাবাহিনীর তৎপরতায় দেশজুড়ে মব জাস্টিস-চাঁদাবাজি-হত্যা কমেছে বলে জানিয়েছেন সামরিক অভিযান পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষায় যথাসাধ্য চেষ্টা করছি। কেবল গণবিচারই (মব জাস্টিস) নয়, যেকোনো ধরনের চাঁদাবাজি-হত্যাও আগের তুলনায় কমেছে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করছি। অদূর ভবিষ্যতে এগুলো আরও কমে যাবে’।
সমন্বয়কের নামে চাঁদাবাজি সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
মোহাম্মদপুর-বনানীর এক সেনা সদস্যের বিরুদ্ধে ডাকাতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘সেনাবাহিনী কোনো অন্যায় সহ্য করে না। সেনা আইন অনুসারে বিচার করা হবে। সেনাবাহিনীকে সব সময় জনসাধারণের আস্থার জায়গায় পাবেন’।
তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার যদি সাহায্য চায়, তাহলে সেনাবাহিনী সেভাবেই কাজ করবে।
বান্দরবানে শ্রমিক অপহরণের বিষয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, বান্দরবানে একটি দল প্রায় ২০ জন শ্রমিককে অপহরণ করেছে। তাদের উদ্ধারে টহল অভিযান চলছে।
তিনি বলেন, ‘আমরা কুকি চায়নার সহিংসতা রোধে সক্ষম হয়েছি। গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করেছি। আমাদের আভিযানিক কার্যক্রম খুবই ভালো। অনেক বম পরিবার তাদের বাড়িতে ফিরেছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে