Views Bangladesh Logo

নাটোরে পাঁচ হিন্দু বাড়িতে চাঁদার হুমকি, ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে হত্যার ভয় দেখিয়ে চিঠি

নাটোরের লালপুর উপজেলায় ৫টি হিন্দু বাড়িতে চাঁদা দাবির হুমকিমূলক চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। চিঠিতে প্রতিটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে দাবি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১ আগস্ট) রাতের দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা গ্রামের বাসিন্দা নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায়।

পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল প্রথম চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হলে দ্রুত খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে নির্দিষ্ট একটি নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে হবে। নির্দেশ অমান্য করলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সব সদস্যকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এ ছাড়া একটি পরিবারের কাছে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের বার্তার কারণে পুরো এলাকায় বসবাসরত সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা হতে পারে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে। পাশাপাশি হুমকির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হুমকির চিঠিটি জব্দ করা হয়েছে এবং এর উৎস শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ