Views Bangladesh Logo

সংবাদ সম্মেলনে রিজভী

‘ডিপ ফেইক ভিডিও দিয়ে বিএনপি নেতাদের নামে চাঁদাবাজি হচ্ছে’

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিপ ফেক ভিডিও তৈরি করে দলের নেতাদের নামে চাঁদাবাজির অপরাধে অবিলম্বে ‘নাহিদ রেইন’নামক প্রতারককে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'আজ এমন একটি লজ্জাজনক এবং ঘৃণ্য চক্রান্তের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবোযা কেবল বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের রাজনীতিতে বিরোধী মতের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারের একটি জঘন্য উদাহরণ হিসেবে মাইলফলক হয়ে থাকবে।'

রোববার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে-কানাচে থাকা দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্লাটফর্ম এবং মিডিয়া আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেইক ভিডিও তৈরি করে দেশে-বিদেশে থাকা বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু তারেক রহমান নন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ডিপ ফেইক ভিডিও তৈরি করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, দলটির তথ্য ও প্রযুক্তি দপ্তরের তাৎক্ষণিক তৎপরতায় ফেসবুক এবং ইউটিউবে থাকা এমন ডিপ ফেইক ভিডিওগুলো শনাক্ত করে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় এহেন অশালীন ও অপকর্মের হোতারা হয়তো এসব ভিডিও দিয়ে মেসেজ আদান-প্রদানকারী অ্যাপ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা ভাইবার ব্যবহার করে আবারও এমন তৎপরতা চালাতে পারে।

বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকসহ দেশ-বিদেশের সকল মানুষকে অবহিত করে তিনি বলেন, আপনারা এ সকল ডিপ ফেইক ভিডিও থেকে সতর্ক থাকবেন। বিএনপির কোনো নেতা কখনও এভাবে ভিডিও কল করে কারো কাছে টাকা চাইবেন না, এই বিশ্বাসটা আপনাদের নিজেদের মধ্যে রাখবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ