ময়মনসিংহে মধ্যরাতে চাঁদাবাজি, দুজনকে হাতেনাতে ধরলেন সিটি প্রশাসক
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় গভীর রাতে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে পাটগুদাম ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরিবহন থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে ঘটনাস্থলে যান সিটি প্রশাসক। সেখানে একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন থেকে টাকা আদায়ের সময় শহীদুল ইসলাম (৫১) ও মো. হালিম (৫৫) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছে গভীর রাতে অর্থ আদায়ের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান বলেন, পাটগুদাম বাসস্ট্যান্ড ইজারার আওতায় থাকলেও নিয়ম অনুযায়ী ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বাসস্ট্যান্ড ব্যবহারকারী যানবাহন থেকে টোল আদায় করা যাবে। এর বাইরে টোলের নামে কোনো অর্থ আদায়ের সুযোগ নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নগরীতে কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম বা জনভোগান্তি বরদাশত করা হবে না।
এদিকে ওই রাতে এক ট্রাকচালকের কাছ থেকে টাকা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ট্রাকচালকের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপরই অভিযানে নামে সিটি করপোরেশন প্রশাসন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মতামত দিন