Views Bangladesh Logo

বেনাপোল দিয়ে দেশে ফিরল আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ

ভারতের কলকাতায় থাকা টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মরদেহ বাংলাদেশে আনা হয়। এর আগে রাত ১০টা ৪০ মিনিটে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে মরদেহ বেনাপোল চেকপোস্টে পাঠানো হয়।

জানানো হয়েছে, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান। এক সপ্তাহ আগে ভর্তি করা হলে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর কারণ হিসেবে মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগ উল্লেখ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রীও ভারতে ভিসায় যোগ দেন। সাবেক সংসদ সদস্য ও তার পরিবার নিউটাউনে অবস্থান করছিলেন।

জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামে পরিচিত ছিলেন। তার বাড়ি সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন জানান, 'জোয়াহেরুল ইসলামের লাশবাহী অ্যাম্বুলেন্স রাত ৯টার দিকে দেশে আসে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ