কারাবন্দী অবস্থায় সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের মৃত্যু
সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ (৬০) মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৫ মে) ভোর রাতে এডভোকেট আব্দুল লতিফ কারা অভ্যন্তরে স্ট্রোক করেন। কারা কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে। তিনি মুনসুর আলীর ছেলে। শহরের রসুলপুর এলাকাতেও তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।
তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০২৪ জুলাই আন্দোলন পরবর্তী তিনি আত্মগোপনে যান। একপর্যায়ে ২০২৫ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) খুলনা সিটি কর্পোরেশনের বহেরা এলাকা থেকে তাঁকে ও তাঁর ছেলে আমিনুল ইসলাম রাসেল (৩৮ ) কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। সেখান থেকে তারা (পিতা-পুত্র) কারাগারে আটক ছিলেন।
সাতক্ষীরা কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পিপি থাকাকালীন সময়ে তার নামে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ উঠে। এছাড়া, চাঁদাবাজি হত্যাসহ একাধিক মামলা রয়েছে সাতক্ষীরা সদর থানায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে