আজ বঙ্গভবনেই থাকছেন সাহাবুদ্দিন, রোববার উঠবেন গুলশানের বাসভবনে
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আজ শুক্রবার রাতটি বঙ্গভবনেই থাকছেন মো. সাহাবুদ্দিন। তবে আগামী রোববার তিনি রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন বলে বঙ্গভবন ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা সংসদ সচিবালয়ে পৌঁছে। সংবিধান অনুযায়ী পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি বঙ্গভবন ছাড়বেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি হওয়ার আগে গুলশানের যে বাসভবনে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন, দায়িত্ব ছাড়ার পর সেখানেই ফিরে যাচ্ছেন। ইতোমধ্যে ওই বাসভবনে নিরাপত্তা জোরদার, টেলিফোন সংযোগ স্থাপনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া ‘অটোনোমিক নিউরোপ্যাথি’সহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এসব কারণে মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন এবং রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
মতামত দিন