মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীতে এক বিএনপি নেতার বাড়ির সামনে থেকে লাল স্কচটেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
উদ্ধার করা বস্তু দুটি বোমা কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।
ওই বিএনপি নেতার নাম আবুল হোসেন। তিনি ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তার স্ত্রী আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, সকালে আবুল হোসেনের বাড়ির সামনে লাল স্কচটেপে মোড়ানো বস্তু দুটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।
আফরোজা খাতুন বলেন, রাতের আঁধারে কে বা কারা বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু দুটি রেখে গেছে, তা তারা জানেন না। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের জানান। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়। তাদের সঙ্গে কারও শত্রুতা নেই দাবি করে তিনি ঘটনার তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মতামত দিন