Views Bangladesh Logo

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরান। এ সময় ইটের ফাঁকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি দেখতে পান তিনি। পরে বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।

খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা কার্যালয়ে ছুটে আসেন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে উপপরিদর্শক ফজলুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

যশোর সদর থানার উপপরিদর্শক ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কার্যালয়ের ভেতরে বস্তুটি রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ