Views Bangladesh Logo

সাভারে মশার কয়েল ধরাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

সাভারে গ্যাসলাইটার দিয়ে মশার কয়েল ধরাতে গিয়ে ঘরে বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. কাউসার (২৮) ও তার স্ত্রী রুবী আক্তার (২৪)। তারা স্থানীয় দুটি পোশাক কারখানায় কর্মরত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কাউসারের শরীরের ১০০ শতাংশ এবং রুবী আক্তারের শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের ভাষ্য, রাতে কাউসার গ্যাসলাইটার দিয়ে মশার কয়েল ধরানোর চেষ্টা করলে লাইটার জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং দম্পতি দগ্ধ হন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

কাউসারের বাবা সিমান শেখ বলেন, হাসপাতালে ছেলে তাকে জানিয়েছেন, গ্যাসলাইটার জ্বালাতেই হঠাৎ পুরো ঘরে আগুন ধরে যায় এবং তাদের পরনের কাপড়চোপড় পুড়ে যায়।

তিনি আরও বলেন, ঘরটিতে কোনো গ্যাসসংযোগ ছিল না। তবে জানালার পাশে বাইরে গ্যাসের লাইন রয়েছে। তার ধারণা, পাশের গ্যাসলাইন থেকে কোনোভাবে গ্যাস জমে থাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেননি। তবে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ