Views Bangladesh Logo

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত অন্তত ৫

বগুড়া মহানগরীর একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিং স্টেশনের বিভিন্ন স্থাপনাও।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে অটোরিকশাচালকসহ কয়েকজন আহত হন।

বিস্ফোরণের তীব্রতায় ফিলিং স্টেশনের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নিরাপত্তা দেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মিটারে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি মাঝারি ধরনের দুর্ঘটনা হলেও ফিলিং স্টেশনের বেশ ক্ষতি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজন আহত ব্যক্তিকে পান। এর আগে আরও তিন-চারজনকে স্থনীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ