মাদারীপুরে প্রবাসীর ঘরে বিকট বিস্ফোরণ, আটক ১
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়িতে ভোররাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টিনশেড ঘরের বেড়া উড়ে যায় এবং অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়।
আটক সালাউদ্দিন গাজী সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের মাফেজ গাজীর ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই কক্ষে ককটেল বা হাতবোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। আটক সালাউদ্দিন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আহতরা গ্রেপ্তারের ভয়ে এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি বলেও জানান তিনি।
মতামত দিন