Views Bangladesh Logo

আতঙ্ক ছড়ানোই উদ্দেশ্যে বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: পুলিশ

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালতকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জুডিশিয়াল ভবনের সামনে প্রধান গেটের কাছে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, বাইরে থেকে কেউ একটি বস্তু ছুড়ে মারার পর বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে কে বস্তুটি ছুড়ে মেরেছে, তা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে বস্তুটিকে ককটেল সদৃশ বলে মনে হচ্ছে। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এটি করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে আলামত সংগ্রহকারী সিআইডির ক্রাইম সিন ইনচার্জ খলিলুর রহমান জানান, বিস্ফোরণস্থল থেকে কাঁচের গুঁড়া, প্লাস্টিক ও বারুদের উপকরণ সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণের প্রকৃতি নিশ্চিত করতে এসব আলামত ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাস্থলে ব্যাপক বিধ্বংসী কোনো আলামত পাওয়া যায়নি।

বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, আদালতের নিরাপত্তা নিয়ে জেলা জজ ও দায়রা জজদের সঙ্গে আলোচনা চলছে। সিআইডি ঘটনাটি তদন্ত করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ঘটনার পরও আদালতের বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে বলে আদালত সূত্রে জানা গেছে। তবে সরেজমিনে আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্কের চিত্র দেখা গেছে। নিরাপত্তার কারণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য আদালত চত্বর ঘিরে রাখেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক শক্তি এই নাশকতার পেছনে থাকতে পারে।

আইনজীবী অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবিরের দাবি, নাশকতার উদ্দেশ্যে ফ্যাসিস্টদের দোসররা এ বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আগামী ১৬ আগস্ট আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বরিশালে যাওয়ার কথা রয়েছে। তার সফরকে কেন্দ্র করে কোনো মহল পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে এ সফরের কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য জানায়নি।

এর আগে গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ গ্রামে একটি আইইডি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনায় বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ