বরিশাল আদালতের ফটকে বিস্ফোরণ, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে বুধবার (১২ আগস্ট) রাতে কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন আদালতের পিএসআই মো. কামরুল হায়দার রুবাইয়াত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন-উল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
ওসি বলেন, আদালতের প্রধান ফটকে বিস্ফোরিত বস্তুটি কী ধরনের ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষার পর বিস্ফোরকের ধরন সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
এর আগে বুধবার সকাল পৌনে ১১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের কাছে ককটেল সদৃশ একটি বস্তু বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় আদালত চত্বরে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন এবং ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার করা আলামত পরীক্ষা করে বিস্ফোরকটির প্রকৃতি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য বের করার চেষ্টা চলছে।
মতামত দিন